বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

চাটমোহরে লুট হওয়া সারের ২৯০ বস্তা ফেরত, গ্রেপ্তার আরও ১

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভাঙচুর করে লুট হওয়া ৬১১ বস্তা সরকারি সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত দিয়েছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে এসব সার ফেরত দেওয়া হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সার মজুতের তথ্য গোপন করে সংকটের কথা জানানোয় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা ফেরত পাওয়া গেছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে ২৯০ বস্তা। এখনো ৩২১ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারের তিনটি ডিলার পয়েন্ট থেকে প্রায় দুই হাজার কৃষকের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এ সময় বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান তাঁর গোডাউনে সার নেই বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুত রেখে তথ্য গোপন ও মিথ্যার আশ্রয় নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তুষার আহমেদ (২১) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এর আগে একই দিন সকালে লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার  গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময়ে ছাইকোলা বাজারের আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার হঠাৎ সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকেরা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। একপর্যায়ে সার না পেয়ে উত্তেজিত লোকজন হট্টগোল শুরু করেন। পরে একদল লোক ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর