পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সার ও বীজের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা, সারের সিন্ডিকেট ভাঙা এবং কৃষকদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি কিংবা কৃষকদের সঙ্গে অসদাচরণ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান।
সভাপতির বক্তব্যে ইউএনও সুরাইয়া মমতাজ বলেন, ভাঙ্গুড়ায় কৃষকদের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না। উপজেলায় কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ রয়েছে। কোনো কৃষক যেন সারের জন্য হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সার বিতরণে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি, সিন্ডিকেট কিংবা কৃষকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, সরকার কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ করছে। এরপরও কোথাও সারের সংকট কিংবা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হবে। সার বিপণনে সিন্ডিকেট ভাঙতে হবে। সারের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরদারি অব্যাহত থাকবে।
সভায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন, সারের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের হয়রানি বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি রোধ এবং সরবরাহ ও গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হীরক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আপনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং পৌরসভা ও উপজেলার মোট ১৯ জন সার ডিলার।
সভায় কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বণ্টন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।