মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে জখম করে ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাণীনগরের পূর্ব বালুভরা গ্রামের শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের শাকিল ইসলাম (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুন ভোরে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম সঙ্গীদের নিয়ে আত্রাই হাটে যাওয়ার পথে রাণীনগর রেলগেট-আত্রাই সড়কের চকের ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জখম করে তাঁদের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ টাকা ও প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে এসআরবির রাজশাহী ও সাভার ইউনিট যৌথ অভিযান চালিয়ে প্রথমে মূল পরিকল্পনাকারী সজীব কাজীকে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিল ইসলামকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর