পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রি কলেজের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, সহকারী অধ্যাপক কে এম মোস্তাফিজুর রহমান, আব্দুস ছালাম আজাদ, জয়োব্রত শাহা ও আমজাদ হোসেন প্রমুখ।
আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানতে হবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহকারী অধ্যাপক কে এম মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনা ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মাছুমা খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করে ঘরিয়া আক্তার মৌ এবং তৃতীয় স্থান অর্জন করে রিকাত আলী।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।