মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মতিলাল ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফলে চরম হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। কলেজটির পাসের হার নেমে এসেছে মাত্র ১৩.৫৪ শতাংশে। একটি স্বনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন নজিরবিহীন ফল বিপর্যয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে গভীর উৎকণ্ঠা ও হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৬২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে পাস করতে সক্ষম হয়েছে মাত্র ৪৯ জন শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর থেকেই উপজেলার শিক্ষানুরাগী ও অভিভাবকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের দাবি— একটি সরকারি কলেজে বিপুলসংখ্যক শিক্ষার্থীর এমন অকৃতকার্য হওয়ার পেছনে পাঠদান কার্যক্রমের চরম অবহেলা দায়ী কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির ঘাটতি, দুর্বল পরীক্ষার প্রস্তুতি কিংবা শিক্ষার মানে কোনো ত্রুটি রয়েছে কি না— এসব বিষয়ের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি।
ঐতিহ্যবাহী এই কলেজের শিক্ষার মান পুনরুদ্ধারে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে। ফল বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপে গ্রহণের পাশাপাশি পাঠদান নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন দৌলতপুরের সুধীসমাজ।