শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সব কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তরসহ সব জোনাল অফিসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখার নির্দেশনার আলোকে দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের আওতায় অফিস প্রাঙ্গণ, ভবনের আশপাশ, ড্রেনেজ ব্যবস্থা, খোলা জায়গা এবং ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় জমে থাকা পানি অপসারণসহ মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ দূর করার উদ্যোগ নেওয়া হয়।
এ উপলক্ষে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আমিন চৌধুরী কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
তিনি ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও পুরোনো টায়ারে পানি জমতে না দেওয়া, ছাদ, কার্নিশ ও নর্দমা নিয়মিত পরিষ্কার রাখা এবং পানি সংরক্ষণের পাত্র ঢেকে রাখার পরামর্শ দেন। পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে সমিতির সব কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর