যশোরের অভয়নগরে ঈদের দিন সোমবার রাতে ঈদের মেলা হতে ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ২১৩জন নারী-পুরুষ অসুস্থ হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্স ও বিভিন্ন সেবাদান ব্যক্তিরা এতো রুগীর চিকিৎসা সেবা দিতে রিতিমত হিমশিম খেতে হচ্ছে। জানা গেছে, অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলার আশ-পাশ এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শুরু করা হয়। একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্য কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান- ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন বসেছিল ঈদ মেলা। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের ৩জন, বেঙ্গল টেক্সটাইল মিলের ইমাম সাহেবের পরিবারের ৮জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫জন, যথাক্রমে আসাদুল, তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ২১৩ জন অসুস্থ রুগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কমপক্ষে ৬০ জন রুগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এমন একাধিক পরিবারের সদস্যেরা ওই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান- ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে ২১৩ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেয়া হচ্ছে। এবিষয়ে দেয়াপাড়া ঈদ মেলা আয়োজক কমিটির সভাপতি মাসুদ রানা জানান, বিষয়টি আমিও জেনেছি ঘটনাটি খুবই দুঃখজনক ফুচকা দোকান মালিকের বাড়ি রুপদিয়া অঞ্চলে। এবিষয়ে ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকার দোকান মালিক যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, আমি ১২ বছর ধরে ফুচকার ব্যবসা করছি কোনদিন এমন ঘটনা ঘটেনি। ওই মেলা আয়োজকরা অনুরোধ করেছিলো মেলার মাঠে দোকান বসাতে আমি তাদের কথা শুনিনি, কেউ হয়তো আমাকে বিপদে ফেলতে আমার অগচরে ষড়যন্ত্র করে ফুসকার টক তরলে কিছু মিশিয়ে দিয়েছে। যে কারনে আমি বিপদে পড়েছি। তা ছাড়া আমি একজন ছোট ব্যবসায়ী আমি চায়বোনা মানুষের কোন ক্ষতি করে আমার ব্যবসার ক্ষতি করি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।