সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুকুরিয়া উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই সড়কপথে একটি স্থায়ী সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এ সড়ক পথে এ ভাঙ্গায় পাকা ব্রীজ নয়, দরকার মাটি ভরাট এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী জনসাধারণের।
উপজেলার বৈন্যা বাইপাস সড়ক থেকে রেহাই পুকুরিয়া বাজার হয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ এবং চরসলিমাবাদ-ভূতের মোড় পর্যন্ত সড়কটি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। অথচ এ পথে রেহাই পুকুরিয়া উত্তরপাড়ার জরাজীর্ণ সাঁকোটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে আছে। সময়ের পরিবর্তন হলেও সাঁকোটির দুরবস্থা কাটেনি। যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি।
সরেজমিনে দেখা যায়, ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন। সাঁকোটি পার হতে গিয়ে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য বাজারজাতকরণ এবং দোকানের মালামাল পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
স্থানীয়দের অভিযোগ, বাঘুটিয়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে এ গুরুত্বপূর্ণ সড়ক এবং সাঁকোটির দুরবস্থা যথাযথ গুরুত্ব পাচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধানের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে জরাজীর্ণ সাঁকোটির স্থলে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ অথবা মাটি ভরাট করতে হবে। পাশাপাশি বৈন্যা বাইপাস থেকে রেহাই পুকুরিয়া বাজার হয়ে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ এবং বিনানই মরা নদীতে সেতু পর্যন্ত মাজ পথে থাকা কাজ সমপ্ত ও চরসলিমাবাদ-ভূতের মোড় পর্যন্ত সড়কটির উন্নয়নেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি জনস্বার্থ ও অবকাঠামোগত উন্নয়নেও জনপ্রতিনিধিরা আরও মনোযোগী হবেন। সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন দক্ষিণাঞ্চলের মানুষ।