পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোতালেব হোসেনের আহ্বানে এবং বাঘলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম ‘আলো মাস্টার’-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষানুরাগী মোহাম্মদ আবু বক্কার সিদ্দিক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক মায়েরা অংশগ্রহণ করেন।
চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
এ সময় শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোতালেব হোসেন বলেন, “২০০৬ সালে যাত্রা শুরু করার পর থেকে হান্ডিয়াল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। একটি শিশুর প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; তার মেধা, মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানোও আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যেই পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষক ও বিদ্যালয়ের পাশাপাশি মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের সচেতনতা, ভালোবাসা ও নিয়মিত তদারকি শিশুকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তাই মা সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করা এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন—অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, জিন্দানি ডিগ্রি কলেজের প্রভাষক আহম্মদ আলী, সাপ্তাহিক চলনবিলের আলো’র সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, মির্জাপুর মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ লিখন বিশ্বাস এবং পল্লি চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম কোরবান।
বক্তারা বলেন, একটি শিশুর শিক্ষাজীবনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মায়ের সচেতনতা, ভালোবাসা ও নিয়মিত তদারকি শিশুর শিক্ষা ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ধরনের মা সমাবেশ ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে।
পরে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।