পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে ধারালো অস্ত্র দিয়ে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক দাবি করেন, এটি তার পোষা কুকুর ছিল। তিনি বলেন, “সকালে আমি মাঠে কাজে ছিলাম। বাড়ি ফিরে দেখি কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। মায়ের কাছে শুনলাম, প্রতিবেশী নাইম হোসেন শাবল দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কেন মেরেছে জানি না। আমার খুব শখের পোষা কুকুর ছিল। আমি বিচার চাই।”
অভিযুক্ত নাইম হোসেন (প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে) বলেন, “ওই কুকুর গতকাল আমার কয়েকটা ছাগলকে কামড়িয়েছে। এছাড়া এলাকার অন্যদের ছাগল-মুরগিকেও কামড়ায়। এতে ছাগল-মুরগি পালন করা যাচ্ছে না। অতিষ্ঠ হয়ে শাবল দিয়ে কুকুরটাকে মেরে ফেলেছি। আরও দুইটা কুকুর আছে, সেগুলোকেও মেরে ফেলব। পোষা কুকুর হলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। অন্যের ক্ষতি মেনে নেওয়া যায় না।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কুকুরটির মৃতদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্ত সম্পন্ন করেন। প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে পাঁজরে জখম হয়ে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে কুকুরটির মৃত্যু হয়েছে। থানায় মামলা হলে ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সকালে মৌখিকভাবে খবর পাওয়ার পর প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলা হয়। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।