শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একডালা-চয়েনের মোড় সড়কের একটি কালভার্টের ওপরের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ভেতর থেকে বেরিয়ে আছে লোহার রড। প্রায় পাঁচ-ছয় মাস ধরে কালভার্টটি এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও এখনো মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিন এ সড়কে চলাচলকারী শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন।

সরেজমিনে দেখা যায়, কালভার্টের ওপরের অংশের একটি বড় জায়গা ভেঙে গিয়ে দীর্ঘ গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের ভেতর থেকে বেরিয়ে থাকা লোহার রড যেকোনো সময় যানবাহনের জন্য বিপদের কারণ হতে পারে। ঝুঁকি নিয়েই গর্তের পাশ দিয়ে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল করছে।

কালভার্টটি ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত হলেও সড়কটি পার্শ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের অন্যতম প্রধান পথ। এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিয়ালা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গরু ব্যবসায়ীরাও রাণীনগরের সবচেয়ে বড় ও পুরোনো হাট আবাদপুকুর বাজারে আসা-যাওয়ার জন্য সড়কটি ব্যবহার করেন। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, কালভার্টটির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেছেন। এ ছাড়া ইউএনওকে হোয়াটসঅ্যাপেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। আগামী সপ্তাহে উপজেলা পরিষদে গিয়ে এ বিষয়ে আবারও খোঁজখবর নেবেন। তিনি আরও বলেন, এলজিইডি কোনো পদক্ষেপ না নিলে নিজ উদ্যোগে কালভার্টটি সংস্কারের ব্যবস্থা করবেন।

শিয়ালা গ্রামের অটোরিকশাচালক লিটন আলী বলেন, দীর্ঘদিন ধরে কালভার্টটির এমন বেহাল অবস্থা। এ সড়ক দিয়ে ছোট-বড় সব ধরনের শত শত যানবাহন চলাচল করে। এমনকি অতিরিক্ত ভারী মালামালবাহী ট্রাকও এ পথ ব্যবহার করে। এতে যেকোনো সময় পুরো কালভার্টটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। কালভার্টটি ভেঙে গেলে যানবাহন চলাচল বন্ধ বা ব্যাহত হতে পারে, এতে তাঁদের উপার্জনেও প্রভাব পড়বে।

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কালভার্টটি দ্রুত মেরামত করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর