পাবনার চাটমোহর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি পৌর সদরের দোলং মহল্লা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুচরে অস্থায়ী বিএনপি অফিসে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম, বিলচলন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নায়েব আলী এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়ারুল হক সেন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিউটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দেশবিরোধী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।