শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে অবদান রাখছেন গ্রামের অধিকাংশ পুরুষ। অথচ তাঁদের পাঠানো রেমিট্যান্সে সমৃদ্ধ হচ্ছে দেশ, আর দেশে রেখে যাওয়া পরিবারগুলো নিজ গ্রামেই বঞ্চিত নাগরিক সুবিধা থেকে। একটি চলাচলযোগ্য রাস্তার অভাবে বছরের পর বছর ধরে বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রবাসী অধ্যুষিত আরজী বিষ্ণুপুর গ্রামের বাসিন্দারা।

এ গ্রামে প্রায় ৬০০ মানুষের বসবাস। গ্রামের ৬০ থেকে ৭০ শতাংশ পুরুষই প্রবাসে থাকেন। অথচ তাঁদের রেখে যাওয়া বৃদ্ধ বাবা-মা, স্ত্রী-সন্তানদের প্রতিদিনের জীবন কাটছে যোগাযোগব্যবস্থার সীমাহীন ভোগান্তিতে। জরুরি চিকিৎসা, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ সহ সব ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্থায়ী রাস্তার অভাব।

গ্রামবাসীর ভাষ্য, পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কয়েক প্রজন্ম রাস্তার জন্য দাবি জানিয়ে আসছেন। এই দাবি জানাতে জানাতে অনেক প্রবীণ মানুষ পৃথিবী ছেড়েছেন। এখন চতুর্থ প্রজন্মের সন্তান ও নাতি-পুতিরাও একই দাবিতে ক্লান্ত। অথচ বিস্ময়করভাবে গ্রামটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এলজিইডির আওতায় সড়কটি এখনো নিবন্ধিত হয়নি। ফলে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

গত ১১ নভেম্বর বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, চলাচলের অনুপযোগী সরু মেঠোপথই গ্রামবাসীর একমাত্র ভরসা। একটু বৃষ্টি হলেই নিচু পথ পানিতে তলিয়ে যায়। গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে স্বজনদের পড়তে হয় চরম বিপাকে। অনেক ক্ষেত্রে চ্যাংদোলায় করে রোগী বহন করতে হয়। জরুরি প্রয়োজনে বাড়তি ভাড়া দিয়েও ভ্যানচালকদের পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামের বয়োজ্যেষ্ঠ হেলাল উদ্দীন, ইয়াছিন ও মোজাম্মেল সহ সৌদি প্রবাসী আজিজুল ও শহিদুল, কাতারপ্রবাসী আছাদুল আলম জুয়েল এবং মালয়েশিয়া প্রবাসী জনি, মাসুদ ও শাকিবের ভাষ্য, রাস্তার অভাবে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের চার গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বাজারে নিতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। এমনকি আত্মীয়স্বজনের যাতায়াত, বিয়ে-শাদির সম্পর্ক এবং সামাজিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। প্রবাসীদের পাঠানো প্রয়োজনীয় জিনিসপত্র গ্রামে পৌঁছাতেও বিড়ম্বনায় পড়তে হয়।

স্থানীয়দের তথ্যমতে, সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক পুলিশ কর্মকর্তা মামলার তদন্তে এসে রাস্তার অভাবে গ্রামটিতে পৌঁছাতে পারেননি। পরে তাঁর উদ্যোগে মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি সরু পায়ে চলার পথ তৈরি হয়। পরবর্তী সময়ে এলজিএসপির অর্থায়নে সেখানে জোড়াতালি দিয়ে ইট বিছানো হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় সেই পথ ভেঙে খানাখন্দে পরিণত হয়েছে।

এ ছাড়া রাতলাই থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাঠের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটারের একটি মেঠোপথ রয়েছে। নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পথটি পানিতে ডুবে যায়। তাই মাঝগ্রাম থেকে আরজী বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রাতলাইয়ের সালামের বাড়ি পর্যন্ত একটি আধুনিক ও টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসী।

এর আগে এমন দুর্ভোগের খবর জানতে পেরে গত ৯ নভেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সূর্য কুমার অধিকারীকে সঙ্গে নিয়ে গ্রামটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় প্রথমবারের মতো একজন ইউএনওকে কাছে পেয়ে গ্রামবাসী তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্ভোগের কথা তুলে ধরেন।

পরিদর্শনকালে সড়ক, বিদ্যালয়ের ভবন, সীমানাপ্রাচীর ও খেলার মাঠসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তবে গ্রামবাসীর প্রত্যাশা, আশ্বাস যেন কেবল পরিদর্শন ও প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ না থাকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই বঞ্চনার অবসান ঘটিয়ে দ্রুত একটি স্থায়ী সড়ক নির্মাণ করা হোক। বিদেশের মাটিতে যাঁরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, তাঁদের রেখে যাওয়া পরিবারগুলোও যেন নিজ গ্রামে নাগরিক সুবিধা নিয়ে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর