মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। অপহৃত ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকায় একটি রাবার বাগানে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগানের শ্রমিকদের থাকার কক্ষে একদল সশস্ত্র ব্যক্তি ঢুকে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে তুলে নিয়ে যায়।
রাবার বাগানের মালিক মো. কাওছার বলেন, জঙ্গল পরিষ্কারের কাজ শেষে শ্রমিকরা রাতে থাকার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের জোর করে তুলে নিয়ে যায়। কেন তাদের নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর