কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে ইউনিয়নের পাড়া-মহল্লা। তবে এই প্রচারণার ভিড়ে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক ও দানবীর মো. আলমগীর হোসেন প্রধান। স্থানীয়দের প্রত্যাশা, এবার তারা এমন একজন প্রতিনিধি পাবেন যিনি হবেন দক্ষ, পরিশ্রমী, ন্যায়পরায়ণ ও নির্ভীক।
পাঁচগাছিয়া ইউনিয়নের সাধারণ মানুষের কাছে মো. আলমগীর হোসেন প্রধান এক আস্থার প্রতীক। দীর্ঘ সময় ধরে তিনি নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় ও দুস্থ মানুষের বিপদে-আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়ানোয় তিনি এলাকায় ‘অসহায় মানুষের বন্ধু’ হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, যেকোনো প্রয়োজনে তার কাছে গেলে তিনি সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেন, যা তাকে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।
নিজের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মো. আলমগীর হোসেন প্রধান এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, “আমি ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, বরং পাঁচগাছিয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণসহ আরসিসি পাকা ঢালাইয়ের মাধ্যমে আধুনিক অবকাঠামো গড়ে তোলাই আমার অন্যতম লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমি আমার প্রিয় ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত একটি সুন্দর সমাজ হিসেবে দেখতে চাই। যেকোনো অপরাধ দমনে আপসহীন থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে চাই।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী মো. আলমগীর হোসেন প্রধান। তিনি বলেন, “আমি এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত। তাদের সমর্থন ও দোয়া নিয়ে আমি নির্বাচনে জয়ী হতে চাই। আমার লক্ষ্য একটাই—মানুষের সেবায় নিজেকে পুরোপুরি উৎসর্গ করা। আশা করি, এলাকার ভোটাররা উন্নয়ন ও ন্যায়ের পক্ষে রায় দেবেন এবং ইনশাল্লাহ বিপুল ভোটে আমি নির্বাচিত হব।”
সাধারণ ভোটাররা মনে করছেন, যোগ্য ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে পাঁচগাছিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই আগামী দিনের কাণ্ডারি হিসেবে আলমগীর হোসেন প্রধানের মতো একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।