পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদরাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতামিম, ইমাম, মুয়াজ্জিন, চামড়া ব্যবসায়ী,জনপ্রতিনিধি,সাংবাদিক, আনসার ও ভিডিপি, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাত করণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবন প্রয়োগের গুরুত্ব, পরিস্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোরবানির চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ, লবনের সঠিক ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়। পশু কোরবানির ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে মাংসের মান ঠিক থাকে এবং চামড়ার গুণগত মান বজায় রাখতে কি করতে হবে এ বিষয়ে আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ রোকনুজ্জামান,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেন ও উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মোঃ আইনুল হক। প্রশিক্ষণ কর্মশালার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ, যথাযথ নিয়মে পশু জবাই , চামড়া ছড়ানো এবং সঠিকভাবে লবন ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। ঈদের আগে জুমার খুৎবায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মুসল্লিদের সচেতন করতে তিনি ইমামদের অনুরোধ করেন।