শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

মেয়ের বিয়ের দেনা শোধের স্বপ্ন কেড়ে নিলো চোর; রাণীনগরে ৪টি গরু চুরি

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে এক দরিদ্র কৃষকের গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার রাতে উপজেলার বিজয়কান্দি গ্রামে এই চুরির ঘটনা ঘটে। সম্বল হারিয়ে এখন দিশেহারা কৃষক আব্দুল কুদ্দুস।
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গরুগুলোকে গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে চোরেরা তার শয়নকক্ষের দরজায় বাহির থেকে তালা লাগিয়ে দেয়, যাতে ঘর থেকে কেউ বেরিয়ে না আসতে পারে। তারপর গোয়াল ঘরের তালা কেটে গোয়ালে রাখা ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
বুধবার সকালে ঘুম থেকে উঠে আব্দুল কুদ্দুস ঘর থেকে বের হতে গিয়ে দেখেন দরজা বাহির থেকে বন্ধ। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তালা খুলে বের হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান গরুগুলো নেই। চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।
উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে আব্দুল কুদ্দুস একজন দিনমজুর। পৈতৃক সূত্রে পাওয়া দেড় বিঘা জমি আর অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে চলে তার পাঁচজনের সংসার। গত বছর ছোট মেয়ের বিয়ে দিতে গিয়ে স্বজনদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা দেনা (ধার) করতে হয়েছিল।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দিনমজুরি করে এই  দেনা (ধার)’র টাকা শোধ করা আমার পক্ষে অসম্ভব। তাই স্বামী-স্ত্রী মিলে অনেক কষ্ট করে এই গরুগুলো লালন-পালন করছিলাম। আশা ছিল ধান কাটা-মাড়াই শেষ হলেই গরুগুলো বিক্রি করে মেয়ের বিয়ের সময় করা দেনা শোধ করব। কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিল। আমি এখন কী করে দেনা শোধ করব? এ ঘটনায় তিনি রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হওয়া গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর