সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গা, রাজমান ও নিচিনপাড়া গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তা নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে রাস্তা নির্মাণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে যেত।
এ পরিস্থিতিতে হতাশ না হয়ে গ্রামবাসী নিজেরাই এগিয়ে আসেন। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নের মাধ্যমে তারা রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যেই একটি চলাচল উপযোগী রাস্তা নির্মাণ সম্ভব হয়।
এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খোকন সরকার। তার সঙ্গে ছিলেন এলাকার দুই সমাজসেবী রওশন আলী ও কাফিকুল ইসলাম। তাদের নেতৃত্বে শুধু রাস্তা নির্মাণই নয়, বরং দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারা প্রতিবছর দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী, শাড়ি-লুঙ্গি বিতরণ এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি এলাকার রাস্তা মেরামত, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিতকরণ এবং মসজিদ-মাদ্রাসায় সহায়তাও করে থাকেন।
স্থানীয়রা জানান, নতুন এই রাস্তার ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হয়েছে। একই সঙ্গে এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটেছে।
এ সময় উপস্থিত ছিলেন কামাল হোসেন, আব্দুল আলিম, আব্দুল মমিন, আফজাল মোল্লা, আফজাল বিএসসি, আজিজুল হক মোল্লা, আব্দুল কাদের গনি, মাওলানা আফসার আলী, হাসান আলী সরকার, মোহাম্মদ রওশন আলী, শহিদুল ইসলাম (মাস্টার) এবং আশরাফুল ইসলাম উজ্জ্বলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীর দাবি, তাদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সরকারি সহায়তার মাধ্যমে আরও সম্প্রসারণ করা হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।