নওগাঁর রাণীনগরে পুকুর পুঃখনন কালে একটি থ্রি নট থ্রি রাইফেলের (আগ্নেয়াস্ত্র) অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটির লোহার অংশবিশেষ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিষ্ণুপুর দিঘীরপাড় এলাকায় আজিজার রহমান নামে এক ব্যক্তির পুরাতন পুকুর সংস্কারের কাজ চলছিল। ভেকু মেশিন দিয়ে পুকুর খননকালে পুকুরের মাটির ভেতর থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ বের হয়। এরপর বিষয়টি পুকুর মালিক ও স্থানীয় লোকজন জানতে পেরে থানাপুলিশকে জানায়।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ওই পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি নট থ্রি রাইফেলের লোহার অংশবিশেষ উদ্ধার করে জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।