বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনি: প্রাণ গেল যুবকের, প্রশ্নবিদ্ধ জনতার বিচার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

ইজিবাইক চুরির অভিযোগে আটক করে মারধর; ঘটনাস্থলেই মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতার তথ্য উঠে এলো, তদন্তে পুলিশ।

 

যশোরের অভয়নগরে চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরির সন্দেহে এলাকাবাসী ওই যুবককে আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফারুক। পরে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার ব্যালোকাঠি গড়ভাঙা গ্রামের আনছার উদ্দিনের ছেলে। তথ্য সূত্রে আরও জানা গেছে, ফারুক অতীতে একাধিকবার চুরির অভিযোগে ধরা পড়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন স্থানে চুরির অভিযোগে মারধরের শিকার হন তিনি। একসময় তিনি নৌবাহিনীতে কর্মরত ছিলেন, কিন্তু মানসিক সমস্যার কারণে চাকরি হারান। এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষজ্ঞদের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। কোনো অভিযোগ প্রমাণের আগে গণপিটুনির মতো ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এমন ঘটনায় নিরীহ বা অসুস্থ ব্যক্তিও প্রাণ হারানোর ঝুঁকিতে থাকেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর