যশোরের অভয়নগর উপজেলার একটি ইটভাটায় মীম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, তিনি সাপের কামড়ে মারা গেছেন। তবে চিকিৎসকদের বক্তব্য, মরদেহে সাপে কামড়ানোর কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি।
শনিবার (৪ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার প্রেমবাগ এলাকার ‘এসএবি (SAB)’ ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত মীম খুলনার কয়রা উপজেলার হুগলা গ্রামের সুজন হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে ওই ইটভাটায় বসবাস করতেন এবং সেখানেই কাজ করতেন বলে জানা গেছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মীম। পরে তারা দাবি করেন, তাকে সাপে কামড় দিয়েছে। দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণ ভিন্ন। তারা জানান, মরদেহে সাপের কামড়ের মতো কোনো দাগ বা লক্ষণ পাওয়া যায়নি। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একটি অংশ মনে করছে, বিষয়টি স্বাভাবিক মৃত্যুর বাইরে অন্য কোনো কারণও থাকতে পারে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর ময়নাতদন্ত না করেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে, যা মৃত্যুর কারণ নিয়ে রহস্য আরও ঘনীভূত করেছে।