আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা সমাজ কল্যাণ সংস্থা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পাল্টাপুর ইউনিয়নের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৪০টি পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, মুড়ি, সাবান ও গুঁড়া দুধ।
সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ওমর ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ শরিফুল ইসলাম, সংগঠনের সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ মাহফুজ ইসলাম, তৈফিক আহম্মেদ, সুজন ইসলাম ও নিশাত ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী যেভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।
সংগঠনের সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, “উৎসবের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে ভ্রাতৃত্ব ও ত্যাগের মধ্যে। নিজেদের আনন্দের পাশাপাশি অন্যদেরকেও সেই আনন্দে শামিল করা আমাদের দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে মোঃ ওমর ফারুক বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ভালোবাসা ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে এলাকার দরিদ্র, অসহায়, এতিম ও বিধবা ৪০ জন নারী-পুরুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।