বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় রাইস মিলে ভাঙচুর ও ২ লাখ টাকা লুট, থানায় অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে একটি রাইস মিলে হামলা, ভাঙচুর ও নগদ ২ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী সৈয়দ আলী। সৈয়দ আলী উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের ছকির উদ্দিনের ছেলে ও রাইস মিল ব্যবসায়ী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে সৈয়দ আলীর মালিকানাধীন শাহানগর গ্রামে “সাকিবুল হাসান রাইচ মিল” এ পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মো: কেসমত আলী (৫০), মো: শহিদুল ইসলাম (৪৪), মো: ইসরাইল (৪৮), মো: রনি (৩০), মো: তুষার (২৫) ও মো: নয়ন (৩০) সংঘবদ্ধভাবে মিল প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। বাধা দিতে গেলে তারা অভিযোগকারীকে মারধরের চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে হামলাকারীরা তার বসতবাড়ির গেট ভাঙচুর করে এবং মিলের ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ২ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে ভুক্তভোগী সৈয়দ আলী বলেন, হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর