পাবনার ঈশ্বরদীতে মাদকাসক্ত এক যুবক নিজ উদ্যোগে এলাকায় মাইকিং করে জানিয়েছেন, আজ থেকে তিনি নিজে মাদক সেবন করবেন না ও এলাকায় কাউকে মাদক সেবন করতেও দেবেন না। ব্যতিক্রমী এ ধরনের মাইকিং শুনে এলাকার মানুষজন বিস্মিত হয়েছেন। অনেকেই এ নিয়ে নানা মন্তব্য করছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঈশ্বরদী পৌর শহরের ইস্তা এলাকায় এ মাইকিংয়ের ঘটনা ঘটেছে। মাইকিংকারী যুবকের নাম ফাইম হোসেন (৩০)। তিনি ইস্তা মসজিদ মোড় এলাকার জিয়াউর রহমানের ছেলে। মাইকিংয়ে ফাইম হোসেন বলেন, ‘এই এলাকার সকল মাদকসেবী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের পর থেকে কেউ ইস্তা এলাকায় মাদক সেবন করতে আসবেন না। আমি নিজেও মাদক সেবন করি, আজকের পর থেকে আর সেবন করবো না। কেউ যদি আমাকে মাদক সেবন করতে দেখেন তাহলে পুলিশে ধরিয়ে দেবেন।’ মাইকিংকারী যুবক ফাহিম হোসেন জানান, আর কেউ যেন মাদক সেবন করতে না পারে সেজন্য যা করার করবো। এ নিয়ে কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।