রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর উপজেলায় মারধরের পর এক ব্যক্তির মৃত্যু

মোঃ রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলায় মারধরের পর এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যা বলে অভিযোগ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৫৬)। তিনি একই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করেন, তার বাবা সন্ধ্যায় আলমনগর এলাকার একটি চায়ের দোকান (চা-স্টল) থেকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে নওশের ও মনোয়ার (কেউ কেউ মনোয়ারকে মাস্টার বলে উল্লেখ করেছেন) তার পথরোধ করে। তারা ইদ্রিস আলীকে মারধর করেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হুমায়ুন কবির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে।

চাটমোহর থানা সূত্র জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল, চাটমোহর) মোঃ আবু বক্কার বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে আলমনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর