সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

চাটমোহরে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শ্রমিক লীগ নেতার, অবশেষে গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

পাবনার চাটমোহরের গুমাণী নদীতে ঝাঁপ দিয়ে বিস্ফোরক মামলার আসামি নায়েব আলী পলায়নের চেষ্টা করলেও অবশেষে গ্রেফতার করেছে চাটমোহর ও হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নায়েব আলী নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য, ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ও নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে নায়েব আলী নদীতে নেমে যায়। এক পর্যায়ে তাকে ধরতে সক্ষম হন পুলিশ সদস্যরা। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার অন্যতম আসামী।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মো: তাহের আলী জানান, আমরা গিয়ে নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই। সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর