সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

ই-পেপার

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বিস্ফোরক মামলার আসামি: ধরছে না পুলিশ!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

বিস্ফোরক দ্রব্য আইনে রাণীনগর থানায় দায়েরকৃত মামলার ২নং এজাহার নামীয় আসামি আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে রাণীনগর থানাপুলিশের বিরুদ্ধে।

উপজেলার আমির গ্রামের এ আসামি প্রায়ই তিনি উপজেলা পরিষদ, আবাদপুকুর বাজার, থানা এলাকা সহ উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ।

জানা গেছে, গত বছরের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০ থেকে ১৫ জন কর্মী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঝিনা-রাণীনগর সড়কের দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় এজাহার নামীয় ৭ জন আসামি জামিনে আছেন। একই মামলার এজাহার নামীয় ২নং আসামি আব্দুর রাজ্জাক ওরফে কানা রাজ্জাক (৪৫) জামিন ছাড়াই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মামলার পর রাজ্জাক বাদে মামলার অন্যান্য আসামিদের পুলিশ গ্রেফতারের জন্য বাড়িতে ঘুমাতেও দেয়নি। পুলিশের ভয়ে দিনের পর দিন তাদের পালিয়ে থাকতে হয়েছে। পরে আদালত থেকে জামিন নিয়ে আসেন। কিন্তু রহস্যজনক কারণে রাজ্জাককে গ্রেফতার করা হয়নি। সে জামিন ছাড়াই রাণীনগর থানা পুলিশের সঙ্গে আঁতাত করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, রাজ্জাক পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর