বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় শ্রেণীতে শ্রেষ্ঠ/গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আতোয়ার রহমান। তিনি উপজেলার ৭নং জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। শিক্ষা প্রসারে বিশেষ অবদান, দক্ষ পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখায় বাছাই কমিটির সর্বসম্মতিক্রমে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।
এমন গৌরবান্বিত অর্জনে আনন্দ প্রকাশ করে মুহাম্মদ আতোয়ার রহমান বলেন, “আমাকে প্রাথমিক (সাধারণ) বিদ্যালয় পর্যায়ে গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় নির্বাচন কমিটির সকল সদস্য, শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর তিনি এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন। আগামীতে যেন জেলা পর্যায়েও উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সেজন্য তিনি সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।