উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং মশার বংশবৃদ্ধি রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ” ও “চৌঘরী যুব সংগঠন” এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স পরবর্তী আলোচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথ অনুসরণ করে ডেঙ্গু মোকাবিলায় গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অনুরোধ জানান এবং নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সচেতন করার তাগিদ দেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা জারি করেন ইউএনও।