কুমিল্লার মেঘনা উপজেলায় প্রবাসীর বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রবাসী হারুনের বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী হক সাহেবের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। হামলায় কয়েকজন নারী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় মাতব্বর ও আমিনের মাধ্যমে মাপজোক করে প্রকৃত মালিককে জায়গা বুঝিয়ে দেওয়া হলেও অভিযুক্ত পক্ষ তা মানেনি। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে স্থানীয় মাতব্বরদের নিয়ে সমাধানের লক্ষে বসার কথা ছিল।
তবে সেই বৈঠকের আগেই হক সাহেবের নেতৃত্বে সুমন, শাহজালাল, আলমগীর হোসেনসহ কয়েকজন প্রবাসীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করে পরিবারটি। বর্তমানে ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা এবং ঘটনার আইনানুগ বিচার চেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।