ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ (পাঁচ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক হক(৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২ টায় রুহিয়া থানাধীন ০৫ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কশালগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কশালগাঁও গ্রামের খমির মিলার এর পুত্র মামুনের মিল চাতালের পশ্চিম পাশে কশালগাঁও থেকে রামনাথ বাজারগামী পাকা রাস্তার ওপর থেকে আসামী মানিক হক’কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৫ পিস কমলা রঙের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ মানিক হক রুহিয়া থানার কশালগাঁও কালীবাড়ী স্কুল পাড়া গ্রামের মোঃ সমারু এর ছেলে। এই ঘটনায় রুহিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ আসামী মানিক হককে গ্রেপ্তার করা হয়েছে।