পাবনার ঈশ্বরদীতে সাংবাদিক মো. মোতাহারুল ইসলাম লাবলুকে হত্যাচেষ্টার হামলা মামলার প্রধান আসামি অন্তর (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার (২৯ জুলাই ) সকাল ১১ টার সময় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ২৫ জুলাই সকালে ঈশ্বরদী পৌরসভার ৮ নং ওয়ার্ডে পৌরসভা কার্যালয়ে সামনে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার হন মো. মোতাহারুল ইসলাম লাবলু বিশ্বাস। লিখিত মামলার এজাহারে অভিযোগ রয়েছে, লোহার হাতুড়ি, রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি ভাবে হত্যার উদ্দেশ্যে মারধর করে তাঁকে গুরুতর আহত করা হয়। একই সঙ্গে তাঁর পকেটে থাকা ব্যবসার নগদ ৪৮ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় আহত মো. মোতাহারুল ইসলাম লাবলু বিশ্বাসের চিৎকার শুনে ওই এলাকার স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পর ঈশ্বরদী থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আহত মো. মোতাহারুল ইসলাম লাবলু বিশ্বাস বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর নিবন্ধিত সার ও বীজ ডিলার এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি ঈশ্বরদী পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আকবর আলী বিশ্বাসের কনিষ্ঠ পুত্র।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, মামলার প্রধান আসামি অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।