মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

টাকা দিলেই মিলছে বয়স বাড়ানোর খেলা, ডিজিটাল উদ্যোক্তা আবু সাঈদের অপকর্ম ফাঁস

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

চলিশীয়া ইউনিয়নে ডিজিটাল সেবার আড়ালে প্রতারণা? টাকা দিলেই দ্রুত কাজ, না দিলে সার্ভার ডাউন অজুহাত। জন্ম নিবন্ধন করতে সাধারণ মানুষের ভোগান্তি নতুন কিছু নয়। কিন্তু সেই ভোগান্তিকে পুঁজি করে অবৈধ অর্থ লেনদেন ও জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার ৩ নং চলিশীয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা আবু সাঈদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে দ্রুত সেবা প্রদান এবং কম বা কোনো টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। স্থানীয়দের দাবি, সার্ভার ডাউন, ইউএনও স্যার বাইরে এমন নানা অজুহাতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরানো হয়। ২২ হাজার টাকায় বয়স বাড়ানোর অভিযোগ চলিশীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন গাজীর মেয়ের জন্ম নিবন্ধনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তার মেয়ের বয়স ১৬ থেকে ১৮ বছরে পরিবর্তন করতে ২২ হাজার টাকা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এ কাজে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তীব্র আকার ধারণ করেছে।

স্থানীয়রা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেকেই এখন সামনে এসে একই ধরনের অভিযোগ তুলতে শুরু করেছেন। অভিযোগ উঠেছে, আবু সাঈদ অতীতে আওয়ামী যুবলীগের কর্মী ছিলেন এবং নির্বাচনের সময় সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিয়েছেন। জানা গেছে, এ বিষয়ে যশোর জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে বড় ধরনের তদন্ত শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত আবু সাঈদ মোবাইল ফোনে জানান, মিলন গাজী তার মেয়ের একটি জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য আমার কাছে নিয়ে এসেছিল। আমি কম্পিউটারে চেক করে সেটির কোনো অস্তিত্ব পাইনি। সেটি ভূয়া নিবন্ধন। আমার বিরুদ্ধে টাকা নেওয়া বা নিবন্ধন তৈরি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। চলিশীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি অবগত আছি। ইউনিয়নে সালিশও হয়েছে। সরাসরি সাঈদ জন্ম নিবন্ধন বানিয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি পারিবারিক জটিলতার বিষয়ও আছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনারাও অনুসন্ধান চালাতে পারেন। স্থানীয় সচেতন মহলের দাবি, ডিজিটাল সেবার নামে এ ধরনের প্রতারণা বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় সাধারণ মানুষের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

অতিরিক্ত টাকা ছাড়া সেবা না দেওয়া সার্ভার ডাউনসহ নানা অজুহাতে হয়রানি। ২২ হাজার টাকায় বয়স পরিবর্তনের অভিযোগ। চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর জাল করার অভিযোগ প্রশাসনের কাছে অভিযোগ দাখিলের প্রস্তুতি। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে ইউনিয়ন পর্যায়ের সেবা কেন্দ্রগুলো মানুষের আস্থা অর্জনের কথা কিন্তু সেখানে যদি দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠে, তবে তা শুধু একটি এলাকার সমস্যা নয়, পুরো ব্যবস্থার জন্যই উদ্বেগজনক। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর