পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয় এবং ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় ভাঙ্গুড়া পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৮ কোটি ২৪ লাখ টাকা। এর বিপরীতে মোট সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। ফলে বাজেটে ৩৫ লাখ ৮৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
এ বাজেটে পৌর এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকায়ন, সুপেয় পানির সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় প্রশাসক মিজানুর রহমান বলেন, “পৌরবাসীর চাহিদা ও বাস্তবতা বিবেচনায় একটি উন্নয়নমুখী, জনবান্ধব ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করা হয়েছে। সবার সহযোগিতায় বাজেটের প্রতিটি পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নাগরিক সেবার মান আরও উন্নত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ঘোষিত এ বাজেটটি ভাঙ্গুড়া পৌরসভার ইতিহাসে এ পর্যন্ত ঘোষিত বাজেটগুলোর মধ্যে অন্যতম বৃহৎ বাজেট।