“কম খরচে বেশি লাভ” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাটরা ব্র্যাক শাখার উদ্যোগে ধান উৎপাদনে সেচের পানি ব্যবস্থাপনায় AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বাটরা বাজার ব্র্যাক শাখা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পালের পরামর্শ ও দিকনির্দেশনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, নাগরপুর এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক মো. মানিক মিয়া, ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি পরিবেশবান্ধব কৃষির গুরুত্ব তুলে ধরে ধান উৎপাদনে AWD পাইপ ব্যবহারের সঠিক কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তিনি বলেন, AWD পদ্ধতি একটি পানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা, যা মাটির স্বাস্থ্য রক্ষা এবং ধানের উৎপাদন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি ধান চাষে AWD পাইপের প্রয়োজনীয়তা ও ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নাগরপুর এলাকার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ব্যবস্থাপক মো. মানিক মিয়া। প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী ২০ জন স্থানীয় প্রান্তিক কৃষকের মাঝে AWD পাইপ বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, বাড়তি উৎপাদন ব্যয় এবং রোগ-পোকার আক্রমণ নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা AWD প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন। তাদের মতে, এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধানের ফলন অক্ষুণ্ণ রেখে প্রায় ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সেচের পানি এবং বিদ্যুৎ বা জ্বালানি খরচ সাশ্রয় করা সম্ভব।
কৃষকরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে জানান, তারা ভবিষ্যতে নিজ উদ্যোগে AWD পদ্ধতি অনুসরণ করবেন এবং সঠিক নিয়মে AWD পাইপ ব্যবহার করবেন।
স্থানীয় কৃষকদের মতে, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ব্র্যাকের এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। কম খরচে অধিক লাভ নিশ্চিত করার পাশাপাশি AWD প্রযুক্তি কৃষিকে আরও টেকসই ও পরিবেশসম্মত করতে সহায়তা করবে।