ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারের দুটি গুদাম ও একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দুই ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, দুটি গুদামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল এবং একটি দোকান থেকে ২৬টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। গুদামে এসব জাল মজুদ ও বিক্রির অভিযোগ স্বীকার করায় মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অন্যদিকে, রতন মিয়া নামে এক ব্যবসায়ীর দোকানে নিষিদ্ধ জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল এবং চার লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারে নিরুৎসাহিত করতে চলতি মৌসুমজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।