দ্রুতগতির মোটরসাইকেল বেপরোয়া চালানোয়, জীবন কেড়ে নিল ৭০ বছরের শাজাহান মজুমদারের। যশোরের অভয়নগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শাজাহান মজুমদার (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর পায়রা ইউনিয়নের পালবাড়ী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মজুমদার উপজেলার বারান্দি গ্রামের মৃত মোকসেদ মজুমদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং এলাকায় সাদাসিধে ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে পালবাড়ী মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শাজাহান মজুমদার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা মোটরসাইকেল চালক বিবেক হালদার (৩৬)-কে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি উপজেলার দামুখালি গ্রামের ফকির চাঁদ হালদারের ছেলে। অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।