মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল বাজার সংলগ্ন স্টীল ব্রিজের পাশে নির্মাণাধীন নতুন ব্রিজের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।এ বিষয়ে মঙ্গলবার (২৬ মে)ভিডিও ধারণ করতে গেলে আনন্দ টিভির সাংবাদিক ওবায়দুর রহমানের উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ব্রিজের কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ রয়েছে।এসব অভিযোগের সত্যতা যাচাই ও সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান সাংবাদিক ওবায়দুর রহমান। এ সময় তিনি ভিডিও ধারণ করতে গেলে ঠিকাদার সোহেল ও তার সহযোগীরা বাধা দেন। একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডা হলে তাকে মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে।পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার সোহেলের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।