র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক সভায় নামজারি-খতিয়ানসহ ভূমি সেবায় স্বচ্ছতা ও হয়রানি প্রতিরোধে দিকনির্দেশনা।
যশোরের অভয়নগর উপজেলায় ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত হয় ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা। সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু। সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, বিশেষ করে নামজারি, খতিয়ান, অনলাইন ভূমি সেবা গ্রহণের প্রক্রিয়া এবং সেবা নিতে গিয়ে হয়রানি এড়ানোর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, জামায়াতে ইসলামীর অভয়নগর শাখার আমীর সরদার শরীফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম মোল্লা, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম এবং অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রিপনসহ উপজেলা প্রশাসন, ভূমি অফিস ও নওয়াপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ দাস নান্টু। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।