নুরে মদীনা মাদ্রাসার গেটম্যানের মোবাইল ছিনতাই, পালানোর সময় ধরা। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিরাজকাঠি গ্রামে এক ছিনতাইকারীকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গত সোমবার রাতে সিরাজকাঠি নুরে মদীনা ইসলামিয়া মাদ্রাসার গেটম্যান রজিবুল ইসলামের মোবাইল ফোন কৌশলে ছিনতাই করে পালানোর চেষ্টা করে হাসিব ওরফে মানিক নামে এক যুবক। এসময় স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ছিনতাইকৃত মোবাইল ফোন, এক পিস ইয়াবা ও নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি দল তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। আটককৃত মানিক সিরাজকাঠি গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু জানান, ইয়াবা সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সচেতন নাগরিকরা বলছেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে এমন সামাজিক প্রতিরোধ অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসনও স্থানীয়দের এই সাহসী উদ্যোগের প্রশংসা করেছে।