নওগাঁর রাণীনগরে শতবর্ষী এক বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে রেখে দিন-দুপুরে বাড়ি থেকে ১২ভরি স্বর্ণসহ নগদ আড়াই লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম হোসেন মুক্তা (৬৮) বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত বুধবার দুপুর একটা থেকে বিকেল ৪টার মধ্যে কোনো এক সময় রাণীনগর সদরের মাছ ও কাঁচা বাজার এলাকায় আব্দুস সালাম হোসেন মুক্তারের বাড়িতে চুরির এঘটনা ঘটে। সালাম হোসেন মুক্তা মৃত তাহের আলীর ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সালাম হোসেন তার শতবর্ষী বৃদ্ধা মাকে বাড়িতে রেখে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নওগাঁ জেলা সদরে যান। এই সুযোগে চোরেরা সালামের বাড়িতে ঢুকে তার মায়ের মুখ ও হাত বেঁধে ঘরের আলমারি ভেঙ্গে আলমারিতে রাখা রুলি বালা ৩ জোড়া, ২জোড়া কানের দুল, ২টি গলার হার, ২টি গলার চেইনসহ মোট ১২ভরী স্বর্ণ এবং নগদ ২লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। ভুক্তভোগ সালামের দাবি স্বর্ণ ও নগদ টাকা মিলে তার প্রায় ৩২লাখ ৫০ হাজার টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে।
সালাম হোসেন মুক্তা ধারণা করে বলেন, আমরা বাড়িতে ছিলাম না, সম্ভবত বাড়ির সাথে হেলে পড়া একটি আম গাছ দিয়ে বাড়িতে ঢুকে আমার মা’কে বেঁধে রেখে দরজা ও আলমারি ভেঙে নগদ টাকা, গহণাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তবে যাওয়ার সময় চোরেরা আমার মায়ের মুখের বাঁধন খুলে একটি ঘরে শিকল দিয়ে রেখে চলে যায়। এভাবে চুরি হওয়াতে আমি আশ্চর্য হয়েছি। বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার পর ওখানে পুলিশ গিয়েছিল। সবকিছু দেখে এসেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।