মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. অমৃত সরকার, এমওআইসিটি ডা. আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা. মো. আবু সায়েম সোহাগ, ডা. মো. মাহামুদুল হাসান রাব্বিসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলায় এ টিকাদান কর্মসূচির আওতায় মোট ২৬৪টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্থায়ী কেন্দ্রে শুক্রবার ব্যতীত প্রতিদিন অভিভাবকরা তাদের শিশুদের টিকা দিতে পারবেন।
এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩২ হাজার ২৮১ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনের প্রথম দিনে একযোগে ১৫টি টিকাদান পয়েন্টে ১ হাজার ৬৩২ জন শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এছাড়া আগামী ৫ ও ৬ মে উপজেলার প্রাক-প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতেও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পুরো উপজেলায় ২৬৪টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম চলবে আগামী ১০ মে পর্যন্ত।
টিকা নিতে আসা পৌরসভার বাসিন্দা রাশেদা বেগম বলেন, সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে, এটি আমাদের জন্য বড় উপহার। আমি আমার শিশুকে নিয়ে এসে টিকা দিয়েছি। এতে করে সে হামের মতো রোগ থেকে সুরক্ষিত থাকবে এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে টিকা গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমরা ইতোমধ্যে পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও টিকাকার্ড পেয়েছি এবং সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, কোনো শিশু নির্ধারিত দিনে টিকা গ্রহণ করতে না পারলে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে এসে টিকা নিতে পারবে। এছাড়াও এই ক্যাম্পেইনে আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর