শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

অভয়নগরে ৫৪ লাখ টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৭

মো. কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

নওয়াপাড়া নৌবন্দরে এসআরবির অভিযান, ৩৮০ বস্তায় ১৫০ টন গম উদ্ধার। যশোরের অভয়নগরে নওয়াপাড়া নৌবন্দরে অভিযান চালিয়ে ৫৪ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের চোরাই সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় জাহাজের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। জব্দ করা গমের পরিমাণ ১৫০ মেট্রিক টন, যা ৩৮০ বস্তায় সংরক্ষিত ছিল। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাগেরহাটের মোংলার হারবারিয়া এলাকা থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। বুধবার রাত ৩টার দিকে জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে পৌঁছে বেঙ্গল খেয়াঘাটসংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ‘মেসার্স পানামা ট্রেডার্স’-এর মালিকানাধীন এমভি সূর্যবানু-১১ নামের কার্গো জাহাজটিতে অভিযান চালানো হয়। অভিযানকালে জাহাজ থেকে ৩৮০ বস্তায় থাকা ১৫০ মেট্রিক টন সরকারি গম উদ্ধার করা হয়। একই সঙ্গে গমবোঝাই কার্গো জাহাজটি জব্দ এবং জাহাজের দুই সুকানিসহ পাঁচ কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন এবং নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান। এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, জব্দ করা ১৫০ টন গমের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এ ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি গম কোথা থেকে, কীভাবে এবং কার মাধ্যমে জাহাজে তোলা হয়েছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, এসব বিষয় তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর