শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

মুরগির খামারে স্বাবলম্বী হওয়ার চেষ্টায় তরুন উদ্যোক্তা জামিল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:২০ অপরাহ্ন

সকাল থেকে সন্ধ্যা খামারের ঘরের ভেতর-বাইরে ছোটাছুটি আর মুরগির যত্নেই কাটে জামিল হোসেনের প্রতিটি দিন। প্রচলিত চাকরির পেছনে না ছুটে স্বল্প পুঁজিতে ব্রয়লার মুরগি পালন করে নিজেই নিজের ভাগ্য গড়ার লড়াই শুরু করেছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট চকমহাদেব গ্রামের তরুন উদ্যোক্তা জামিল হোসেন।
এই খামারে তার পরিশ্রমের ঘামে যেমন সম্ভাবনার পথ তৈরি হয়েছে, তেমনি খাদ্য খরচ ও বাজারদরের অনিশ্চয়তা মাঝেমধ্যে ছন্দপতনও ঘটাচ্ছে তার এই উদ্যোগে।
বীরগঞ্জের তরুণ উদ্যোক্তা জামিল হোসেন বর্তমানে তার খামারে প্রায় এক হাজার ব্রয়লার মুরগি লালন-পালন করছেন। স্বল্প পুঁজি ও অর্থ সংকটের কারণে একটি বেসরকারি  কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি এই খামার পরিচালনা করছেন। চুক্তি অনুযায়ী তিনি ৩০ থেকে ৪০ টাকা দরে প্রতিটি বাচ্চা ক্রয় করেন। নিয়মিত পরিচর্যা ও খাদ্য ব্যবস্থাপনায় ৭০ থেকে ৮০ দিনের মাথায় প্রতিটি মুরগির ওজন দুই থেকে তিন কেজিতে পৌঁছায়। সব মিলিয়ে সব খরচ বাদে  কয়েক মাস শেষে তার ২০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় বলে তিনি জানান।
খামারের অভিজ্ঞতা তুলে ধরে জামিল হোসেন বলেন, “চাকরির পেছনে না ছুটে অল্প পুঁজিতেই খামার শুরু করেছি। শ্রম দিলে এখান থেকে ভালো আয় করা যায়। কিন্তু মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় অনেক সময় বাজারে মুরগির দাম কম থাকলে লোকসান গুনতে হয়।”
নতুন করে খামারের পরিসর বাড়ানো এবং খরচ সামাল দিতে সহজ শর্তে ঋণের প্রত্যাশা করছেন জামিল।
 তিনি বলেন “সরকার যদি তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে কিছু ঋণের ব্যবস্থা করে, তাহলে আরও ভালোভাবে ব্যবসা করতে পারব, আমাদের মতো নতুন নতুন উদ্যোক্তাদের  অনেক সুবিধা হবে।

এলাকাবাসীর মতে, জামিলের মতো তরুণদের এমন আত্মকর্মসংস্থানের উদ্যোগ স্থানীয়ভাবে বেকারত্ব কমাতে ভূমিকা রাখছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সহজ ঋণ সুবিধা পেলে গ্রামীণ অর্থনীতিতে এমন খামারগুলো আরও শক্তিশালী ভিত্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর