সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নওয়াপাড়ায় ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সারবোঝাই ট্রাক উধাও, উদ্ধার খালি অবস্থায়

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সরকারি ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক থেকে ৩০০ বস্তা সার, ২০০ লিটার জ্বালানি তেল ও দুটি ত্রিপল চুরির অভিযোগ উঠেছে। সারবোঝাই অবস্থায় ফেরিঘাটে রাখা ট্রাকটি পরদিন সকালে উধাও হয়ে যায়। পরে উপজেলার প্রেমবাগ এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটির সন্ধান মিললেও সেটি পাওয়া যায় সম্পূর্ণ খালি অবস্থায়। চুরি হওয়া ৩০০ বস্তা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য চার লাখ পাঁচ হাজার টাকা। এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মেসার্স উত্তরা করপোরেশনের সহকারী ম্যানেজার মো. সুরুজ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ইস্টার্ন ওয়ান শিপিং (প্রা.) লিমিটেডের একটি জাহাজ থেকে মেসার্স অভয়নগর ট্রান্সপোর্টের মাধ্যমে মেসার্স উত্তরা করপোরেশনের একটি ট্রাকে (যশোর-ট-১১-৪৭৬৫) ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার লোড করা হয়। সারগুলো যশোর বাফার গুদামে পৌঁছে দেওয়ার কথা ছিল। সার লোড শেষে সোমবার সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ট্রাকটি রেখে চালক ও তাঁর সহযোগী চলে যান। পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সংশ্লিষ্টরা। একপর্যায়ে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে মিতু কোম্পানির সামনে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকটির সন্ধান পাওয়া যায়। তবে ট্রাকটি উদ্ধার হলেও তাতে থাকা ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার, ট্যাংকিতে থাকা ২০০ লিটার জ্বালানি তেল এবং দুটি ত্রিপলের কোনো হদিস মেলেনি। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ট্রাকটি সরিয়ে নিয়ে এসব মালামাল চুরি করে খালি ট্রাক ফেলে রেখে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সরকারি সার পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ সার ও জ্বালানি তেল উধাও হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কীভাবে ট্রাকটি ফেরিঘাট থেকে সরিয়ে নেওয়া হলো, কারা এর সঙ্গে জড়িত এবং এত বিপুল পরিমাণ সার কোথায় সরানো হয়েছে, এসব প্রশ্ন সামনে এসেছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে খালি ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের ভেতরে কোনো সরকারি সার পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার বিষয়, সরকারি ইউরিয়া সারবোঝাই ট্রাকটি কারা সরিয়ে নিয়েছিল এবং চুরি হওয়া সার ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভব হয় কি না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর