বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইজারাকৃত গরুর হাটে চলছে ‘গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা-২০২৬’। কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রসারের কথা বলে আয়োজন করা এ মেলাকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। মেলার আড়ালে চলছে র‍্যাফেল ড্রয়ের নামে লটারি বাণিজ্য। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে বিক্রি হচ্ছে লটারির টিকিট। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এ ধরনের কার্যক্রম পরিচালনায় প্রশাসনের অনুমতি রয়েছে কি না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর থেকে এ মেলার কার্যক্রম শুরু হয়। মেলা শুরুর দিন থেকেই মোটরসাইকেল, টেলিভিশন, ফ্রিজ, স্বর্ণালংকারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কারের প্রলোভন দেখিয়ে র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মাইকিং ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে চলছে টিকিট বিক্রি। ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকে করে শতাধিক বিক্রেতা উপজেলার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে এসব টিকিট বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, এভাবে প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পুরস্কার জেতার আশায় অনেকেই একটি-দুটি টিকিটের পরিবর্তে ১০ থেকে ২০টি, এমনকি শতাধিক টিকিটও কিনছেন। এতে নিম্নআয়ের ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিনোদন ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে এভাবে অর্থ সংগ্রহের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
আরও উদ্বেগের বিষয় হলো, পুরস্কারের আশায় স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাত সাড়ে ১১টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে অবস্থান করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবকরা। এতে শিক্ষার্থীদের পড়াশোনা, ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, গোবিন্দাসী গরুর হাট এলাকায় মেলার আয়োজন করা হয়েছে। মেলার র‍্যাফেল ড্রয়ের মঞ্চে সাজিয়ে রাখা হয়েছে টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেলসহ বিভিন্ন পুরস্কার। মাইকে চলছে পুরস্কারের প্রচারণা। মঞ্চের সামনেই টেবিল-চেয়ার পেতে একাধিক বিক্রেতাকে লটারির টিকিট বিক্রি করতে দেখা যায়। নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও টিকিট কিনতে দেখা গেছে। মেলার ভেতরে অস্থায়ী প্রাচীর দিয়ে ঘেরা বিভিন্ন দোকানপাট বসানো হয়েছে। এ ছাড়া মেলার ভেতরে গোপন কক্ষে টিকিটের বিনিময়ে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগও উঠেছে।
সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন উঠেছে, একটি বাণিজ্যিক ও উদ্যোক্তা মেলার প্রবেশ টিকিটের সঙ্গে পুরস্কার জেতার সুযোগ যুক্ত করে অর্থ সংগ্রহ করা হলে তা প্রচলিত আইনে কীভাবে বিবেচিত হবে? এ ধরনের র‍্যাফেল ড্র বা লটারি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২(৬)(খ) ধারায় অর্থ বা কোনো মূল্যমানের বিনিময়ে লটারি পরিচালনা কিংবা তাতে অংশগ্রহণকে জুয়ার সংজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। একই আইনের ৪ ধারায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ততাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে ভূঞাপুরের এ মেলায় অর্থের বিনিময়ে পরিচালিত র‍্যাফেল ড্রয়ের আইনগত বৈধতা, অনুমোদন ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।
শুধু লটারি বাণিজ্য নয়, মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, মেলায় প্রায় প্রতিদিনই মারামারির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বহিরাগতদের আনাগোনায় মেলার আশপাশের এলাকায় মাদকসংক্রান্ত তৎপরতা বেড়েছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মেলাকে কেন্দ্র করে আশপাশের সড়কগুলোতে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, কুটির শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রসারের নামে আয়োজিত কোনো মেলা যেন অননুমোদিত লটারি বাণিজ্য, অসামাজিক কার্যকলাপ কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ না হয়। মেলায় পরিচালিত সব কার্যক্রমের অনুমোদন যাচাই, লটারি বাণিজ্যের বৈধতা পরীক্ষা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান জানান, ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। খুব দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখন দেখার বিষয়, প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং মেলার আড়ালে চলা কথিত লটারি বাণিজ্যের বিষয়ে প্রকৃত চিত্র কীভাবে সামনে আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর