শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন শুরু, পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার

​হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ও সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২০৬’। আগামী ২৮ নভেম্বর ২০২৬, শনিবার সিলেট নগরীর শহীদ সোলেমান হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি কেমুসাসের মাসিক কার্যকরী পরিষদের সভায় সাহিত্য সম্মেলন উদযাপন উপকমিটির প্রস্তাবনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​ইতোমধ্যে সম্মেলনের আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কেমুসাসের কার্যকরী পরিষদের মাসিক সভায় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সভাপতি, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
​এবারের কেমুসাস সাহিত্য সম্মেলনটি উৎসর্গ করা হচ্ছে ১৯৩৮ সালে অনুষ্ঠিত প্রথম কেমুসাস সাহিত্য সম্মেলনে সভাপতিত্বকারী দেওয়ান আহবাব চৌধুরী (বিএ, বিদ্যাবিনোদ)-এর স্মৃতির উদ্দেশে। সম্মেলনের প্রধান আকর্ষণ হিসেবে “সিলেটে কবি কাজী নজরুল ইসলামের শুভাগমন ও সিলেটে নজরুল চর্চার শতবছর” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কেমুসাসের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল।
​প্রতিবারের ন্যায় এবারও সাহিত্য সম্মেলনে দেশবরেণ্য একজন সাহিত্যিককে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। ‘সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ডা. আবদুল হাই মিনার।
​সম্মেলনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মূল প্রবন্ধ পাঠ, আলোচনা সভা, এবং নিবন্ধিত লেখকদের অংশগ্রহণে কবিতা ও ছড়াপাঠ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম এবং দিনব্যাপী কবি সমাবেশে সভাকবি হিসেবে সাবেক সচিব ও কবি মোফাজ্জল করিম উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সমাপনী পর্বে ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ড. সুমিতা চক্রবর্তী এবং আসাম বিশ্ববিদ্যালয়ের ড. বেলা দাস অতিথি হিসেবে অংশ নিতে পারেন।
সম্মেলনটি দেশের সকল কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইনে কিংবা সরাসরি সাহিত্য সংসদ কার্যালয়ে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য বিশেষ স্মারক ও আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হবে।
​সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট ও সদস্য সচিব শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবি আব্দুল মুকিত অপি অ্যাডভোকেট, পাঠাগার সম্পাদক অধ্যক্ষ কবি নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম, সহ-লাইব্রেরি সম্পাদক কবি ইশরাক জাহান জেলী এবং গল্পকার মিনহাজ ফয়সল।
​সাহিত্য সম্মেলন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭১১৩১১৫৭৪ (মাহবুব) এবং ০১৭১১৪৮০৩৭৯ (কামরুল) নম্বরে যোগাযোগ করার জন্য উদযাপন উপকমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর