সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে আটঘরিয়ায় নয়াকৃষি কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা):
আপডেট সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন ঈশ্বরদীর আয়োজনে দুই শতাধিক নয়াকৃষক ও নয়াকৃষাণীর অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় আটঘরিয়ার হাড়লপাড়ায় নয়াকৃষক মোজদার আলীর বাড়ির উপর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে বক্তব্য রাখেন উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের নির্বাহী পরিচালক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার, উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের প্রতিষ্ঠাতা সংগঠক ফরহাদ মজদার,
আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন, চাটমোহর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আসলাম হোসাইন, উবিনীগের পরিচালক সীমা দাস সীমু এবং উবিনীগ ঈশ্বরদীর সমন্বয়ক আজমিরা খাতুন।
সমাবেশে কৃষক, দাইমা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে দুই শতাধিক নয়াকৃষক ও নয়াকৃষাণী অংশগ্রহণ করেন।
সমাবেশে ফরিদা আখতার বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠায় নয়াকৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। কৃষিকে প্রকৃতিনির্ভর ও টেকসই করতে কৃষকদের আরও সচেতন ও সংগঠিত হতে হবে।”
ফরহাদ মজদার বলেন, “নয়াকৃষি শুধু চাষাবাদের পদ্ধতি নয়, এটি প্রকৃতি, মাটি, পানি ও প্রাণবৈচিত্র্য রক্ষার একটি আন্দোলন। কৃষকের অভিজ্ঞতা ও স্থানীয় জ্ঞান কাজে লাগিয়ে বিষমুক্ত খাদ্য উৎপাদনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, “গবাদিপশুকে পিপিআর ও ক্ষুরারোগ থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা প্রদান করা হচ্ছে। রোগ প্রতিরোধে খামারি ও কৃষকদের সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।”
সমাবেশ শেষে আটঘরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিনামূল্যে পিপিআর ও এফএমডি টিকা প্রদান কর্মসূচিতে অংশ নেন অতিথি ও কৃষকেরা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প’-এর আওতায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। গবাদিপশুকে পিপিআর ও ক্ষুরারোগের সংক্রমণ থেকে সুরক্ষা দেওয়া এবং রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর