গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে রায়েরবাগ তিতাস গ্যাস অফিসে স্মারকলিপি প্রদান করেছে ‘নামা শ্যামপুর সচেতন নাগরিক ৫৮ নং ওয়ার্ড’-এর উদ্যোগের স্থানীয় বাসিন্দারা ও সাধারণ গ্রাহকরা। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
স্মারকলিপিতে গ্যাস সংকটের নিরসনে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। স্থানীয় নাগরিকদের অভিযোগ, এর আগেও গ্যাস সমস্যার প্রতিকার চেয়ে বেশ কয়েকবার স্মারকলিপি প্রদান করা হলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আজকের এই কর্মসূচিতে রায়েরবাগ গ্যাস অফিসের দায়িত্বে থাকা অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত পাওয়া যায়নি। তবে ঢাকা রাজস্ব বিভাগ-১ এর উপমহাব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা কার্যালয়ে উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের পর তিনি আন্দোলনকারী নাগরিকদের সাথে কথা বলেন এবং বিষয়টি নিয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ভুক্তভোগী গ্রাহক ও সচেতন নাগরিকদের প্রত্যাশা, এবার আশ্বাসের বাণী নয়, বরং দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে নামা শ্যামপুর এলাকার দীর্ঘদিনের গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।