পাবনার আটঘরিয়া উপজেলায় জলাবদ্ধতা নিরসনকল্পে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারিবৃন্দ, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিক রাজনৈতিক প্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের এসময় সভায় উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা, কৃষিজমিতে জলাবদ্ধতার প্রভাব এবং দ্রুত পানি নিষ্কাশনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়। কৃষক ও স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার কারণে কৃষিকাজ, সড়ক যোগাযোগ ও স্বাভাবিক চলাচলে সৃষ্ট দুর্ভোগের কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম। তিনি বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য প্রথমে সমস্যা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল রাখা এবং অবৈধ দখল ও অন্যান্য প্রতিবন্ধকতা চিহ্নিত করা জরুরি। স্থানীয় পর্যায়ে যেসব কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাবনার নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, জলাবদ্ধতা নিরসনে পানি প্রবাহের স্বাভাবিক পথগুলো চিহ্নিত করে সেগুলো সচল রাখা জরুরি। কোথায় পানি জমে থাকছে এবং কোন পথে দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব, তা সরেজমিনে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম নাজিম উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন ও চাটমোহর জোনের সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির উপজেলা সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মওলানা হাফেজ আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নকিবুল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন,
মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, চাঁদভা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার এবং দেবোত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।